শুক্রবার, ৫ মার্চ, ২০১০

ফটিকছড়িতে অমানবিক শিশু শ্রম--------ফয়সল অভি



ফটিকছড়িতে অমানবিক শিশু শ্রম

ফয়সল অভি


বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ৩৪ধারায়; কোন পেশায় বা প্রতিষ্ঠানে কোন শিশুকে নিয়োগ দেওয়া বা কাজ করতে দেওয়ার ব্যাপারে নিষেধ থাকলেও ফটিকছড়ি উপজেলার বাগান বাজার, নারায়ণহাট, দাঁতমারা, হারুয়ালছড়ি, সুয়াবিল, নানুপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে এবং তকিরহাট, আজাদী বাজার, নানুপুর বাজার, নাজিরহাট, কাজিরহাট, খিরাম বাজার, সদর বিবিরহাটসহ সকল বাজারে উল্লেখযোগ্য সংখ্যক শিশু শ্রমিক লক্ষ্য করা যায় । চোদ্দ বছরের নীচে এসব শিশু প্রচণ্ড অমানবিকভাবে শ্রম দিয়ে যাচ্ছে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে কিন্তু সরকার ও প্রশাসন এবং মানবাধিকার সংস্থাগুলো এই অমানবিক শিশু শ্রমের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন যা খুবই হৃদয় বিদারক । 

 

১৪বছরের কম বয়সী হাজার হাজর শিশু বাজারে মালামাল বহনকারী, বাসের হেল্পার, চায়ের দোকানে বয়, ওয়ার্কশপে বিপজ্জনক যন্ত্রপাতি পরিচালনাকারী, কাঠমিস্ত্রি শ্রমিক, মোটর গ্যারেজ শ্রমিক , জিপ-ট্যাক্সি-মাইক্রো-পিকাপ-ঠেলাগাড়ি ও কৃষিকাজের শ্রমিক হিসেবে ফটিকছড়ির সর্বত্র শিশু শ্রম দিয়ে যাচ্ছে । এসব শিশু শ্রমিকরা যথাযথ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে অত্যন্ত সুনিপুণভাবে ।  উক্ত শিশু শ্রমিকরা দরিদ্র পরিবারের সন্তান হওয়ার কারণে সুযোগ সন্ধানীরা তাদেরকে দিয়ে নানাবিধ অপরাধজনক কাজ যেমন  মাদক পাচার, অস্ত্র পাচার ও অস্ত্র বহন করিয়ে থাকে । এর ফলে, অনেক শিশুই মাদকাসক্ত হয়ে পড়ছে যা জাতির জন্য হুমকি স্বরূপ । আরো উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এসব শিশুদের অবৈধভাবে শ্রমে নিয়োজিত করেও নিয়োগদাতারা তাদের শ্রমের যথাযথ মূল্য দেয় না; বেশী ভাগ শিশুদেরকে পেটে-ভাতে শ্রম দিয়ে যেতে হয় কোন রূপ অর্থ প্রদান না করে । দরিদ্রতার  সুযোগ নিয়ে এভাবেই দরিদ্র শিশুদের একপ্রকার শোষণ করছে কিছু স্বার্থান্বেষী মানুষ যা সংবিধান, মানবতা ও ধর্ম বিরোধী ।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ধারা ১৪, ১৫, ১৭, ১৮  ৩৪; Universal Declaration of Human Rights (UDHR)  এর ২৫ধারা ও UN Convention on the Rights of the Child (CRC) এবং বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ৩৪, ৪০, ৪২, ৪৪ দ্বারা শিশু অধিকার নিশ্চিত করা হলে বাস্তবক্ষেত্রে এসবের কোন প্রতিফলনই নেই । বাংলাদেশ শ্রম ২০০৬ মোতাবেক এসব অনৈতিক শিশুশ্রম দণ্ডনী হলেও প্রশাসন কখনও কোন পদক্ষেপ নেয়নি । মানবাধিকার সংস্থা ও প্রশাসন ফটিকছড়ির এই অমানবিক শিশু শ্রম বন্ধে কোন রূপ উদ্যোগই নিচ্ছে না । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মানবাধিকার সংস্থাগুলো শিশু অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দাতা সংস্থা থেকে বিভিন্ন সময় বিপুল পরিমাণ অর্থ নিলেও ফটিকছড়িতে শিশু অধিকার প্রতিষ্ঠায় আজও তেমন অগ্রগতি লক্ষ্য করা যায়নি । বরং যে সময় শিক্ষা অর্জন করে শিশুরা তাদের ভবিষ্যৎ গড়ার দিকে এগিয়ে যেতো আজ ফটিকছড়ির সেই হাজার হাজার দরিদ্র শিশুরা শিক্ষা হতে বঞ্চিত হয়ে আজীবন স্বার্থান্বেষীদের দাস হয়ে থেকে যাচ্ছে । একটা প্রজন্ম ক্রমশঃ ধ্বংস যাচ্ছে এভাবেই সুকৌশলে; এর কোন প্রতিকার কি নেই? এই অনৈতিক শিশু শ্রম বন্ধ ও শিশুদের যথাযথ পুণর্বাসন কি আজীবন অর্থ লুটে বিষয়বস্ত হয়েই থেকে যাবে আমাদের প্রিয় বাংলাদেশে ।


তথ্য পরিচালনায়> "নতুন সূর্যোদয়" চট্টগ্রাম ভিত্তিক একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন