সাম্প্রতিককালে নগরীতে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের ফলে এখানকার রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প কারখানা সমূহ মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন। ঘনঘন লোডশেডিং ও অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে উৎপাদন ক্ষমতা হ্রাস পাওয়ায় সময় মতো রপ্তানি পণ্য সমূহ জাহাজীকরণ করা যাচ্ছে না। এতে করে রপ্তানি আদেশ বাতিলসহ স্টকলটের সম্মুখীন হতে হচ্ছে। গার্মেন্টস শিল্প মালিকদের এ কারণে বিপুল অংকের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বলে গার্মেন্টস মালিকরা উদ্বেগ প্রকাশ করেছেন।
গতকাল বুধবার বাংলাদেশ পোষাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত স্ট্যান্ডিং কমিটি অন পাওয়ার, টেলিকমিউনিকেশন এন্ড আদার ইউটিলিটিজের জরুরি সভায় বিজিএমইএ নেতৃবৃন্দ ও গার্মেন্টস মালিকরা উপস্থিত ছিলেন।
বিজিএমইএ’র প্রথম সহ সভাপতি নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় নেতৃবৃন্দ বলেন, ইদানিংকালে ঘন ঘন লোডশেডিং ও অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে ট্রান্সফরমার বিকল হচ্ছে। সেই সাথে কারখানা চালু রাখতে গিয়ে বিকল হচ্ছে জেনারেটর। পর্যাপ্ত গ্যাস সরবরাহের অভাবে চট্টগ্রামস্থ বিদ্যুৎ কেন্দ্র সমূহ একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে অতি দ্রুত চট্টগ্রামস্থ গার্মেন্টস কালখানাগুলোতে বিপর্যয় নেমে আসবে।
বিজিএমইএ’র প্রথম সহ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, জরুরি ভিত্তিতে জাতীয় গ্রিড থেকে চট্টগ্রামের জন্য বিদ্যুৎ সরবরাহ বাড়ানো দরকার। তিনি বলেন, ভর্তুকী মূল্যে ডিজেল সরবরাহ, গার্মেন্টস অধ্যুষিত এলাকায় বিকল ট্রান্সফরমারের বিকল্প ব্যবস্থা করা এবং সম্প্রতি ঘোষিত বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধি থেকে গার্মেন্টস শিল্পকে আওতামুক্ত রাখার জন্য জোর দাবি জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্ট্যান্ডিং কমিটি অন পাওয়ার, টেলিকমিউনিকেশন এন্ড আদার ইউটিলিটিজ চট্টগ্রামের ডাইরেক্টর ইনচার্জ হাসানুজ্জামান চৌধুরী, বিজিএমইএ পরিচালক লিয়াকত আলী চৌধুরী, এ এম চৌধুরী সেলিম, ইঞ্জিনিয়ার কফিল উদ্দিন ইউসুফ টিস্যু, মোহাম্মদ মুসা, মো. ফরহাদ আব্বাস, এম এ ছালাম, মঈনউদ্দিন আহমেদ মিন্টু, এমদাদুল হক চৌধুরী, আ.ন.ম. সাইফউদ্দিন, স্ট্যান্ডিং কমিটি অন পাওয়ার টেলিকমিউনিকেশন এন্ড আদার ইউটিলিটিজের চেয়ারম্যান আবদুল ওহাব। এম এ রউফ, শওকত ওসমান, এ এম শফিউল করিম, মঞ্জুরুল হুদা চৌধুরী, নাফিদ নবী, আমজাদ হোসেন চৌধুরী, মিরাজ ই মোস্তফাসহ বিভিন্ন গার্মেন্টস মালিকরা।
তথ্য সূত্র: আজাদী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন