ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেল দুই সহোদর
গভীর রাতে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই সহোদরের। গত মঙ্গলবার দিবাগত রাতে হৃদয়বিদারক এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খুলশী থানাধীন ওয়ার্লেস কলোনির দুই নম্বর লেনে। মাদারবাড়ির কামালগেট এলাকায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়েছে নয়টি দোকান ঘর। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন সুপ্রভাত বাংলাদেশকে জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওয়ার্লেস কলোনির দুই নম্বর লেনে জনৈক মনিরের সেমিপাকা ভাড়া ঘরে আগুন লাগে। এসময় এলাকার সকলে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। কেউ কিছু টের পাওয়ার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে পুরো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তাপ অনুভূত হওয়ার পর কেউ কেউ ঘরের বাইরে বেরিয়ে এলেও দুই সহোদর সাহাবউদ্দিন (১০) ও শাহাদাত (১৫) ভেতরেই থেকে যায়। চোখের পলকেই দু’ভাই পুড়ে অঙ্গার হয়ে যায়। তাদের বাবার নাম সদর আলী। স্থানীয় লোকজন ঘুম থেকে জেগে বাইরে বেরিয়ে আসেন। তারা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। খুলশী থানা থেকে দমকল বাহিনীকে খবর দেয়া হলেও তারা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
জানা গেছে, সেমিপাকা ওই ঘরগুলো চা দোকান ও বাসা হিসেবে ভাড়া দেয়া হয়েছিল। এ ব্যাপারে খুলশী থানায় একটি মামলা হয়েছে বলে এসআই বাতেন জানান।
এদিকে, গতকাল বুধবার বেলা ১১ টা ১০ মিনিটে ডবলমুরিং থানাধীন পূর্ব মাদারবাড়ি কামাল গেট এলাকায় ভয়াবহ আগুনে নয়টি দোকান ঘর পুড়ে গেছে। এতে দুটি জুতা, একটি মুদি, একটি কসমেটিক্স ও কয়েকটি ব্যাচেলর রুমের পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। দমকল বাহিনী সূত্র জানিয়েছে, আগুন লাগার খবর পাওয়া মাত্রই তাদের চারটি অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দুপুর ১২ টা নাগাদ তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুন লেগেছে বলে দমকল বাহিনী সূত্র জানিয়েছে।
তথ্য সূত্র: সুপ্রভাত
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন