চট্টগ্রামে কনটেইনার ইয়ার্ড নির্মাণ বন্ধের দাবিতে অভিনব আন্দোলন
জটু মিলে কনটেইনার ইয়ার্ড নির্মাণ বন্ধের দাবিতে অভিনব কায়দায় আন্দোলনে নেমেছে চট্টগ্রাম শিল্পাঞ্চল পাহাড়তলীর শ্রমিক ও এলাকারবাসী। বুধবার উত্তর কাট্টলী ভিক্টোরী জুট মিল গেটে ঘুড়ি উড়িয়ে, ডাংগুলি, কেরম, হা-ডু-ডু ও ক্রিকেট খেলে অবরোধ কর্মসূচি পালন করে তারা।
৪০ বছরের প্রাচীন ভিক্টোরী জুট মিল ধ্বংস করে কনটেইনার ইয়ার্ড নির্মাণ করছে ইস্পাহানি শিল্পগোষ্ঠী। সরকারের বিরাষ্ট্রীয়করণ প্রক্রিয়ায় ইস্পাহানি মিলটির পরিচালনা ভার গ্রহণ করে বিজেএমসি থেকে। কিন্তু জুট মিল না চালিয়ে তারা সেখানে কনটেইনার ইয়ার্ড গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এলাকাবাসী এবং মিলের দীর্ঘদিনের শ্রমিক-কর্মচারীরা জানান, কারখানার জন্য এ জমি হুকুম দখল করা হয়েছিল। কারখানা না থাকলে হুকুম দখলের আইন অনুসারে যার জায়গা তার কাছেই ফেরত দিতে হবে। তাছাড়া নগরীর ২০ কিলোমিটারের মধ্যে কনটেইনার ইয়ার্ড না করার সরকারি নীতিমালা রয়েছে।
সকাল থেকে এলাকাবাসী ও শ্রমিক-কর্মচারীরা সমবেত হয় মিল গেটে। সকাল ১০টা থেকে শুরু হয় ব্যতিক্রমধর্মী এ কর্মসূচি। দেখে মনে হবে কোনো ক্রীড়া উৎসব। দলে দলে বিভক্ত হয়ে প্রতিবাদীরা খেলায় মত্ত হয়ে উঠে। সেখানে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। উৎসাহ জাগানিয়া বক্তৃতা হয়। আর বক্তৃতায় তারা তাদের দাবির কথা জানান দেয়। প্রতিবাদ কর্মসূচি চলাকালে ইয়ার্ড নির্মাণ প্রতিরোধ কমিটির প্রধান উপদেষ্টা খোরশেদ আলম সুজন বলেন, নগরীর প্রবেশমুখগুলোতে কনটেইনার ইয়ার্ডের মতো যানজট সৃষ্টিকারী স্থাপনা নির্মাণ বন্দরনগরী চট্টগ্রামকে ল্যান্ড লক করে দেবে। বাকি বাংলাদেশ ও ট্রানজিটভুক্ত দেশগুলো থেকে বন্দরনগরীর যোগাযোগ দুঃসাধ্য হয়ে পড়বে।
তিনি বলেন, কারখানার জন্য হুকুম দখল করা জায়গায় অন্য কোনো স্থাপনা এলাকাবাসী মেনে নেবে না। হয় কারখানা চালাও নতুবা হুকুম দখলকৃত জমির মালিকদের আইনসম্মত উত্তরাধিকারীদের ফিরিয়ে দিতে হবে।
খোরশেদ আলম সুজন বলেন, বিশ্বব্যাপী পরিবেশ প্রীতির কারণে পাটশিল্প লাভজনক হয়ে উঠছে। যানজট সৃষ্টিকারী কনটেইনার ইয়ার্ড বন্ধ করলে এলাকাবাসী মুষ্টিভিক্ষা করে মিল মালিককে আর্থিক সহযোগিতা করবে।
তিনি ভিক্টোরী জুট মিলের কর্মচারীদের ন্যায্য বকেয়া পাওনা পরিশোধ করে অবিলম্বে জুট মিল চালু করার জোর দাবি জানান। আজো এ ধরনের প্রতিবাদী কর্মসূচি পালন করা হবে।
তথ্য সূত্র: যায়যায়দিন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন