মঙ্গলবার, ৯ মার্চ, ২০১০

উখিয়ায় সিন্ডিকেট করে অবৈধভাবে বালু উত্তোলন

উখিয়ায় সিন্ডিকেট করে অবৈধভাবে বালু উত্তোলন

উখিয়ায় ১৮ সদস্যের তিনটি সিন্ডিকেট প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালি উত্তোলন করে পরিবেশ বিপন্ন করে তুলছে। মন্ত্রণালয় ও প্রশাসনের নমনীয়তায় স্থানীয় বালি দস্যুরা বিনা রাজস্বে এ বালি উত্তোলনের মহোৎসব চালালেও সংশিষ্ট প্রশাসন তেমন কোন উল্লেখযোগ্য ভূমিকা রাখছে না। অবৈধ পন্থায় বালু খেকোরা প্রতি বছর সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব তছরুপ করছে বলে জানা গেছে।

কক্সবাজারের উখিয়ার পালংখালী, থাইংখালী, বালুখালী, দোছড়ী, হাজির পাড়া, তুতুরবিল, রেজু, হিজলিয়া, সাদৃকাটা, মরিচ্যা, গয়ালমারা, রুমখাঁ কুমারপাড়া খালের অন্তত ১২টি বালু মহাল থেকে সিন্ডিকেট বালু তুলছে। সাঁইত্রিশ পয়সা ঘনফুটের বালু ৮/৯ টাকা হারে বিক্রি করে চলতি মৌসুমে কয়েক কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই বালু খেকো সিন্ডিকেট। তথ্যানুসন্ধানে প্রকাশ, পালংখালী, বালুখালী, রেজু, রুমখাঁ কুমারপাড়া বালু মহাল থেকে স্থানীয়ভাবে সামান্য কিছু রাজস্ব আদায় করা সম্ভব হলেও আরো ৮/১০টি বালু মহাল থেকে কোন কানাকড়িও সরকার পায় না। প্রতি বছর এসব বালু মহাল থেকে প্রায় ১৫ লক্ষ ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে বলে জানা গেছে।

এসব প্রভাবশালী মহল উখিয়ার ১৫টি বালু মহাল থেকে বালু উত্তোলন করলেও মন্ত্রণালয় থেকে অনুমতিপত্র নেয় ৪টি মহালের। এসব লুটপাটের চিত্র তদারক করার মত মাঠ পর্যায়ে জ্বালানি-খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কোন লোকবল না থাকার সুযোগে এসব মহল বালু উত্তোলনে বেপরোয়া হয়ে ওঠে। তত্ত্বাবধায়ক সরকার বালু মহালগুলোর কর্তৃত্ব ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা ও উপজেলা প্রশাসনের হাতে ন্যস্ত করার উদ্যোগ নিলে ২০০৭ সালে প্রভাবশালী বালু খেকোরা উচ্চ আদালতে রিট করে বালু মহালগুলোতে ২০০৯ সাল পর্যন্ত তাদের কর্তৃত্ব বজায় রাখে। বর্তমানে উখিয়ায় যে কয়টি বৈধ বালু মহাল আছে তা থেকে সামান্য রাজস্ব আদায়ের বিপরীতে বিপুল পরিমাণের বালি উত্তোলন করা হলেও স্থানীয় প্রশাসন অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা নেয় না। সহকারী ভূমি কমিশনারের দায়িত্বে থাকা উখিয়া ইউএনও মুহাম্মদ গোলামুর রহমান জানান, এসব বালু মহাল প্রক্রিয়ার মাধ্যমে রাজস্ব আদায়যোগ্য করে তুলতে জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের উদ্যোগ নেয়া হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলনের ব্যাপারে তিনি কিছু জানেন না এবং সংশ্লিষ্ট উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান। ।


তথ্য সূত্র: ইত্তেফাক


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন