আন্ত: জেলা ডাকাত দলের হাতে মহেশখালী থেকে ১২ জন পান ব্যবসায়ীকে অপহরণ করে ২৪ ঘন্টা জিম্মি রেখে ১০ লাখ টাকা মুল্যের পান ভর্তি একটি পিকআপ ছিনতাই করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতদল। এঘটনায় মিরেশ্বরাই থানা পুলিশ চোরাই পানসহ ২ ডাকাতকে আটক এবং চন্দনাইশ থানা পুলিশ ছিনতাইকৃত পিকআপ উদ্ধার করেছে বলে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, ৮ মার্চ সোম বার দিবাগত গভীর রাতে মহেশখালী থেকে বেশ কয়েক জন পান ব্যবসায়ী পান ভর্তি একটি পিকআপ ড্রাইভার আবুল কাসেম ও হেলপার আব্দুল হালিম সহ ১২ জন যাত্রী নিয়ে চট্রগ্রামের উদ্দ্যেশ্যে রওয়ানা দেয়। রাত ১২ টায় পিকআপটি মহেশখালীর কালারমার ছড়া ইউনিয়নের উত্তর নলবিলা বড়ুয়া পাড়া শ্মশান খোলার পাশে ব্রীজের নিকট পৌঁছলে পুর্ব থেকে ওঁৎ পেতে থাকা ১০/১২ জনের আন্ত:জেলা ছিনতাইকারীদলের সদস্যরা রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়ীর গতিরোধ করে অস্ত্রের মুখে ড্রাইভার হেলপার সহ ১২ জন পান ব্যবসায়ীকে জিম্মি করে গাড়ী থেকে নামিয়ে পার্শ্ববর্তী পাহাড়ের উপর নিয়ে তাদের কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা ও ৭/৮ টি মোবাইল ছিনিয়ে নিয়ে বেঁধে রাখে। অতঃপর ডাকাতরা নিজেদের ড্রাইভার দিয়ে গাড়ী চালিয়ে নিয়ে যায় চন্দনাইশ এলাকায়। চন্দনাইশ থানার পাশে আরাকান সড়কে পিকআপ টি ফেলে রেখে পানের টুকরি গুলি অন্য গাড়ীতে করে মিরেশ্বরাই ও নোয়াখালীর দিকে নিয়ে যায়। পান ব্যবসায়ীরা বিভিন্ন থানায় খবর দিলে ৯ মার্চ মিরেশ্বরাই থানা পুলিশ ছিনতাইকৃত কিছু পান সহ পটিয়া থানার হুলাইন এলাকার ফজর রহমান বাড়ীর মোঃ ইসহাকের পুত্র ওয়াসিম উদ্দিন (২৭) ও মোঃ মুছার পুত্র নেজাম উদ্দিন (২১) কে গ্রেপ্তার করে। এব্যাপারে মিরশ্বরাই থানায় ৪১১ নং জিডি এন্ট্রি করা হয়েছে।
অপর দিকে চন্দনাইশ থানার পুলিশ ছিনতাইকৃত ঢাকা মেট্রো-ট-০২-০৪৪৯ নম্বরের পিকআপ টি পরিত্যক্ত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করে বলে জানা গেছে। এদিকে ঘটনার সময় অপহৃত ১২ জন ব্যবসায়ীকে অপহরণকারীরা ২৪ ঘন্টা আটক রাখার পর মঙ্গল বার রাতে ছেড়ে দিয়েছে বলে জানান পান ব্যবসায়ীরা।
এ ব্যাপারে মহেশখালীর পান ব্যবসায়ী হোয়ানক ইউনিয়নের ছন খোলা পাড়া গ্রামের ফজল আহমদের পুত্র মোঃ জাহাঙ্গির আলম বাদী হয়ে মহেশখালী থানায় এজাহার দায়ের করলে পুলিশ গতকাল ১০ মার্চ ঘটনাস্থল পরির্দশন করে।
তথ্য সূত্র: আজাদী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন