
নির্যাতিত হয়েছিলেন আলী আবদুল্লাহ
রিটন আহসান
বাড়িতে মুক্তিযোদ্ধা রাখা এবং নিজে মুক্তিযুদ্ধের সাথে সরাসরি জড়িত থাকার কারণে নভেম্বরের ২ তারিখ ভোররাতে কয়েকজন পাকসেনা আমার বাড়ি থেকে আমাকে নিয়ে যায়। এসময় তাদের সাথে দেখা যায় প্রফেসর আমীর খসরু, সাবেক এমপি সৈয়দ ওয়াহিদুল আলম, অ্যাডভোকেট ইব্রাহীম, আলবদর বাহিনীর সদস্য জালালসহ আরো একাধিক ব্যক্তিকে। অবশ্য ডালিম হোটেলে নির্যাতন চালানোর সময় নির্যাতনের মাত্রা কমানোর বিষয়ে সুপারিশ করেছিলেন সৈয়দ ওয়াহিদ।
আসকার দিঘীর দক্ষিণপাড়ের বাসিন্দা তৎকালীন কোতোয়ালী থানা মুক্তিযোদ্ধা ডেপুটি কমাণ্ডার এবং মুক্তিযোদ্ধাদের অন্যতম আশ্রয়দাতা মোহাম্মদ আলী আবদুল্লাহ মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন।
আশকার দিঘীর পূর্ব পাড়, কাজীর দেউরি ২ নম্বর গলি এবং আশকার দিঘীর দক্ষিনপাড় এই তিনটি এলকায় আলী আবদুল্লাহর তিনটি বাড়ি ছিল । এসব বাড়িতে পারিপার্শ্বিক অবস্থার কথা চিন্তা করে মুক্তিযোদ্ধাদের রাখা হতো।
বাড়িতে আশ্রয়ে থাকা অন্যতম যোদ্ধা অরুণ দাশের কাছ থেকে জানা যায়, এই বাড়িতে নানাসময়ে ছিলেন রবিউল হোসেন কচি, কামরুল ইসলাম, ফখরুল আহসান মনি, অরুণ দাশ সাথী, জিন্নাহ গ্রুপের কিছু সদস্য, ডা. মাহবুবের গ্রুপের কয়েকজন সদস্য। তিনি জানান, আমরা আশকার দিঘীর দক্ষিণ পাড়ের বাড়ির কোণায় একটি বাংলো ঘরে থাকতাম। আলী আবদুল্লাহর মা সুনিয়ারা বেগম সবাইকে রান্না করে খাওয়াতেন। বাবা আহমদ কবিরও মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিলেন।
আলী আবদুল্লাহ, মোহাম্মদ ফিরোজ কবির এবং মরহুম মোহাম্মদ সেলিম কবির তিনভাই স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িত ছিলেন। তবে এদের মধ্যে মোহাম্মদ সেলিমের ভুমিকা বেশি। তিনি ছিলেন অসম্ভব সাহসী এবং আন্তরিক। মুক্তিযোদ্ধাদের জন্য হাসিমুখে প্রাণ দিতেও প্রস্তুত ছিলেন।
আলাপচারিতায় জানা যায়, তিনিই প্রথম ব্যক্তি যিনি দেশ স্বাধীন হবার পর প্রথম চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান।
বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নিয়ে যে যাই বলুক না কেন আমার মনে হয় না খুব সুখকর কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। যুদ্ধাপরাধীদের বিচারের দোহাই দিয়ে সরকার ক্ষমতায় এসেছে কিন্তু এক্ষেত্রেও খুব বেশি আশার আলো দেখছি না। যুদ্ধাপরাধীদের বিচার হয়তো হবে সেক্ষেত্রেও কিছু চুনোপুটি ছাড়া রাঘব বোয়ালদের কিছুই হবে না। কারণ গোটা বাংলাদেশটাই চলছে পরিকল্পনাবিহীন অবস্থায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন