
প্রিমিয়ার ভার্সিটিতে আন্দোলনকারীদের এক দফা
‘আমাদের একটাই দাবি ড. মিলন কুমার ভট্টাচার্য স্যারকে তার আপন পদে পুনর্বহাল করতে হবে। মিলন স্যারকে বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনার আগে আমরা আমাদের অবস্থান ত্যাগ করব না।’ চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন ড. মিলন কুমার ভট্টাচার্যের পদত্যাগের কারণে উদ্ভূত পরিস্থিতির এখনো কোনো সমাধান না হওয়ায় গতকাল মঙ্গলবার দুপুর বারোটায় বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা ওয়াসার মোড়ের ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তাদের এক দফা দাবি উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্রী ফারজানা ইকবাল। উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসনের ছাত্র তানভির আহমদ, মিল্টন চৌধুরী, সৈয়দ খালিদ বিন মোস্তাফা। এ সময় ক্যাম্পাসে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যের শুরুতে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ করে দেয়ার জন্য চট্টগ্রাম সিটি মেয়র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের চেয়ারম্যান এবিএম মহিউদ্দিন চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ বিভাগের অত্যন্ত মেধাবী এবং সৎ শিক্ষককে আমরা হারাতে চাই না। ওই শিক্ষককে পদত্যাগের জন্য একই বিভাগের শিক্ষক রাজিয়া সুলতানা ও মীর তরিকুল আলমকে দায়ী করেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, শিক্ষক তরিকুল আলম শিক্ষার্থীদের নানা রকম ভয়-ভীতি দেখাচ্ছেন এবং অন্যান্য শিক্ষককে তার পক্ষে কাজ করার জন্য বাধ্য করছেন।
শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে পড়ালেখার পরিবেশ ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
এদিকে, গতকাল বিকাল তিনটার দিকে ওয়াসা মোড়ের বাণিজ্য অনুষদের ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের কোতোয়ালী থানা পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। ছাত্ররা সেখান থেকে প্রেসক্লাবে এসে মানববন্ধন করে। পরে মিছিল নিয়ে কর্পোরেশন ভবন হয়ে চকবাজার গিয়ে শেষ করে। এ সময় ছাত্ররা জানান, আজ সকাল আটটায় ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীরা আমরণ অনশন কর্মসূচি পালন করবেন। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদ আগামী ১২ মার্চ পর্যন্ত ক্লাস বন্ধ রাখার কথা ঘোষণা করে।
উল্লেখ্য, গত রোববার বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। শিক্ষার্থীরা তাকে পুনর্বহালের জন্য আন্দোলন করছেন।
তথ্য সূত্র: সুপ্রভাত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন