চট্টগ্রাম নগরীতে বেড়ে গেছে মলম পার্টির দৌরাত্ম্য নগরীতে ৪ পৃথক ঘটনায় ৪ ব্যক্তির সর্বস্ব ছিনতাই
নগরীতে মলমপার্টি ও ছিনতাইকরীর কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন চারজন। এ সময় বাধা দেয়ার চেষ্টা করায় তারা আহত হন। বর্তমানে চারজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রোববার সকালে ট্রেনযোগে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন মো. জামান (৪৪)। স্টেশন থেকে কোরবানীগঞ্জে বাসায় যাওয়ার সময় সিনেমা প্যালেস মোড়ে তিনি মলমপার্টির কবলে পড়েন। তারা জামানের মোবাইল, নগদ টাকাসহ অন্যান্য মাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সকাল ৭টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে সদর ঘাট থেকে সিএনজি টেক্সিযোগে হালিশহরস্থ নিজ বাসায় ফেরার পথে শামসুদ্দিন (৫৪) মলম পার্টির খপ্পরে পড়েন। সিএনজিটি রশীদ বিল্ডিংয়ের সামনে এলে চালকের সহযোগিরা তিনজন তার চোখে মলম লাগিয়ে দেয়। এ সময় তার ব্রিফকেসে থাকা ৫০ হাজার টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
তৃতীয় ঘটনাটি ঘটে রেল স্টেশন এলাকায় গতকাল সকালে। হোটেল কর্মচারী রবি দেবনাথ গতকাল সকালে ফিরিঙ্গী বাজারের বাসা থেকে রিকশাযোগে চৈতন্যগলিস্থ কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ৩/৪ জন ছিনতাইকারী তাকে মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
বায়েজিদ থানাধীন শহীদ নগর এলাকায় শনিবার রাতের খাওয়া খেয়ে হাঁটতে বের হয়েছিলেন প্রবাসী ইশতিয়াক হোসেন (৩৪)। কিছুদূর যেতেই ৪/৫ জন ছিনতাইকারী তাকে বেধড়ক পিটিয়ে মোবাইল ও পকেটে থাকা মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।
তথ্য সূত্র: আজাদী
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন