বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০১০

পার্বত্য চট্টগ্রামের ভূমি মালিকানা নিয়ে বিরোধ

পার্বত্য চট্টগ্রামের ভূমি মালিকানা নিয়ে বিরোধ

নিরসনে সিদ্ধান্ত নিতে পারেনি মন্ত্রণালয়



মিথুন মাহফুজ: আঞ্চলিক ও জেলা পরিষদের প্রতিনিধিরা উপস্থিত না থাকায় পার্বত্য চট্টগ্রামের ভূমি মালিকানা নিয়ে বিরোধ নিরসনে বৃহস্পতিবারও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ভূমি মন্ত্রণালয়। ওই এলাকায় ভূমি জরিপ কার্যক্রম শুরুর ব্যাপারে গতকাল সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। তবে আগামী মধ্যএপ্রিলে পার্বত্য চট্টগ্রামে অনুষ্ঠিতব্য সভায় এ ব্যাপারে কৌশল নির্ধারণসহ ভূমি জরিপ কার্যক্রম শুরুর ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা। সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রামের ভূমি জরিপ কার্যক্রমের কৌশল নির্ধারণ সংক্রান্ত সভাশেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সভায় ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, সচিব আতাহারুল ইসলাম ও পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীসহ সংশিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাশেষে মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের একটি সমস্যা। এটি নিরসনে সরকার শিগগির জরিপ কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে। তবে আজকের (বৃহস্পতিবার) সভায় কখন থেকে এবং কোন কৌশলে এ কার্যক্রম পরিচালনা করা হবে, তা নির্ধারণ করা সম্ভব হয়নি।

মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে এ ব্যাপারে আবারো সভা আহ্বান করা হবে। পার্বত্য চট্টগ্রামের তিন জেলার যেকোনো একটিতে এই সভা অনুষ্ঠিত হবে। সেখানেই স্থানীয় প্রতিমন্ত্রী ও জনপ্রতিনিধিসহ সংশিষ্টদের সঙ্গে আলোচনা করে এসব চূড়ান্ত করা হবে। এরপরই জরিপ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন