
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থা এখনো কাটেনি। শিক্ষকের চাকরি পুনর্বহালের দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আন্দোলনরত শিক্ষার্থী উভয়ে নিজেদের সিদ্ধান্তে এখনো অনড়। এদিকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ায় উদ্বিগ্ন হয়ে অভিভাবকদের পক্ষ থেকে হতাশা প্রকাশ করে পত্রিকায় একটি বিবৃতি প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন। সেখান থেকে মিছিল সহকারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস প্রবর্ত্তক মোড়ে অবস্থান নেয় তারা। শিক্ষকের চাকরি পুনর্বহাল না করা পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা জানায়, আমরা আমাদের এক দফা দাবিতে অটল থাকব। আমাদের একটাই দাবি- আমাদের মিলন স্যারকে আপন পদে ফিরিয়ে না দেয়া পর্যন্ত বিভিন্ন কর্মসুচি পালন করে যাব।
এদিকে, একজন শিক্ষকের পদত্যাগকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় হতাশা প্রকাশ করে অভিভাবক মহলের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে কয়েক হাজার শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে যারা এই হীন অপচেষ্টায় লিপ্ত, তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহবান জানানো হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নিয়ে দুস্কৃতিকারী ও তাদের হোতাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করার আহবান জানান তারা। বিবৃতিতে অভিভাবকদের পক্ষে আহবান জানিয়েছেন, মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস, এ কে এম সিরাজুল হক ফারুকী, মোহাম্মদ মোস্তাফা কামাল, গৌরী শংকর চৌধুরী, রেনু মিয়া চৌধুরী, মোহাম্মদ রশিদ প্রমুখ।
উল্লেখ্য, ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য ব্যক্তিগত কারণ দেখিয়ে গত শনিবার পদত্যাগ করেন। তার পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়। শিক্ষকের পূর্বের পদে পুনর্বহালের দাবিতে গত রোববার থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন এবং অবস্থান ধর্মঘট পালন করে আসছে। ওয়াসা সংলগ্ন ব্যবসায় প্রশাসন অনুষদ, প্রেসক্লাব ও প্রবর্ত্তক মোড়ের প্রধান ক্যাম্পাসে শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করছেন।
তথ্য সূত্র: সুপ্রভাত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন