
মদুনাঘাট ওয়াপদা সেতুটি এক দশক সংস্কারহীন
হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট ওয়াপদা কলোনির সামনে হালদা নদীর শাখা খালের ধসে যাওয়া সেতুটি সংস্কার না করায় এলাকার হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। বন্যার প্রবল স্রোতে সেতুটির একপ্রান্ত প্রায় ১৫ ফুট মাটিতে দেবে যায়। দীর্ঘদিন যাবত সেতুটি অকেজো হয়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি।
দক্ষিণ মাদার্শা এলাকার প্রবীণ বাসিন্দা আবদুর রহমান (৭৫) প্রতিবেদককে জানান, প্রায় আট বছর পূর্বে সেতুটি বন্যার প্রবল স্রোতে ধসে যায়। সেতুটির দক্ষিণ প্রান্তে সড়ক থেকে প্রায় ১৫ ফুট নিচে দেবে যায়। এতে উত্তর ও দক্ষিণ মাদার্শাসহ এলাকার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম এ সেতুটি অকেজো হয়ে থাকায় এলাকার হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়া সেতু সংলংগ্ন ওয়াপদা কলোনির বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছে বেশি, সেতুটি ভাঙা থাকায় যোগাযোগ ক্ষেত্রে তাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, সেতুটির ওপর ছোট একটি সাঁকো দিয়ে এলাকাবাসী ঝুঁকিপূর্ণভাবে পারাপার হচ্ছে। কিন্তু কোনো গাড়ি চলাচল করতে পারছে না। স্থানীয় আহমদুল হক, জসিম উদ্দীনসহ একাধিক এলাকাবাসী সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে বলেন, এ ব্যাপারে প্রশাসনের কাছ অনেক আবেদন-নিবেদন করেও কোনো কাজ হয়নি। সেতুটির দুরবস্থা নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রপত্রিকায় একাধিকবার প্রতিবেদন প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়েনি। এলাকাবাসী অবিলম্বে সেতুটি সংস্কারের দাবি জানিয়েছে।
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আকতারুল ইসলাম জানান, এ সেতুটি এলজিইডির আওতাভুক্ত না হওয়াতে উপজেলা প্রকৌশল অধিদপ্তর এ সেতুর উন্নয়ন কাজ করেনি।
তথ্য সূত্র: যায়যায়দিন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন